যশোর অফিস
যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ সেতু এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার মালামালসহ এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৬ জুলাই) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় সুমন মণ্ডল (৪০) নামে এক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬৮০ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক সোনার উদ্ধার করা হয়।
আটক সুমন মণ্ডল নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া বাজার,পাগলা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকায় থেকে সোনার বারগুলো যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। এছাড়া একটি মোবাইল ফোন,একটি হাতঘড়ি ও নগদ ৭ হাজার ৮৭৫ টাকাসহ জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা।
এঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন,সোনা চোরাচালান সীমান্ত এলাকায় একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হবে।

