কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার ৮–৯টি বেড়জালে আগুন দিয়ে ভষ্মিভূত করা অভিযোগ উঠেছে। এতে জালগুলো পুড়ে গিয়ে প্রায় ৫–৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত শংকর সরকার। ঘটনাটি সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা গ্রামে ঘটেছে। শংকর সরকার ওই গ্রামের মৃত পরিতোষ সরকারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘেরে মাছ ধরার জন্য ব্যবহৃত ৮–৯টি বেড়জাল শংকর সরকারের বাড়ির বারান্দায় রাখা ছিল। গভীর রাতে জালগুলোতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে বাইরে থেকে ঘরের দরজা আটকে দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ ঘটনায় একই গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে শোকর আলীকে অভিযুক্ত করেছেন ভুক্তভোগী পক্ষ। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য এখনো জানা যায়নি।
আগুনের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে ঘরের অন্যান্য মালামাল রক্ষা পেলেও বারান্দায় রাখা মাছ ধরার জালগুলো সম্পূর্ণ পুড়ে যায়। শংকর সরকারের দাবি, এতে তার আনুমানিক ৫–৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার পর বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।
এঘটনার বিষয়ে জানতে চাইলে থানা পিলিশ পরিদর্শক সুশান্ত কুমার ঘোষ জানান, মৌখিক অভিযোগ পেয়ে সরেজমিনে থানা পুলিশ পাঠানো হয়েছিলো। ঘটনার তদন্ত চলছে, লিখিত অভিযোগ পাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *