সমাজের আলো।। ঠাকুরগাঁওয়ের ৪টি উপজেলার ২৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় নিয়োগ পাওয়া ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপি–সংশ্লিষ্ট। অভিযোগ উঠেছে, তাঁদের অনেকেরই সার ব্যবসার অভিজ্ঞতা নেই। এমনকি কয়েকজনের নির্ধারিত ধারণক্ষমতার গুদামও নেই।

এদিকে দীর্ঘদিন ধরে সার বিক্রি করে আসছেন, এমন কয়েকজন ব্যবসায়ী আবেদন করেও ডিলার হতে পারেননি। তাঁদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় না থাকায় তাঁরা বঞ্চিত হয়েছেন। অবশ্য কৃষি বিভাগ ও সংশ্লিষ্টরা অভিযোগ অস্বীকার করেছেন।৪ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তারের সই করা চিঠিতে বালিয়াডাঙ্গী উপজেলার ৭টি ইউনিয়ন, রানীশংকৈল উপজেলার ১টি পৌরসভাসহ ৮টি, হরিপুর উপজেলার ৫টি এবং পীরগঞ্জ উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে সারের ডিলার নিয়োগের বিষয়টি জানানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, নিয়োগ পাওয়া ৩১ জনের মধ্যে ৪ জন বিএনপির পদে রয়েছেন। এ ছাড়া বিএনপির সাবেক একজন নেতা, একজন সমর্থক, ছাত্রদলের সাবেক দুই নেতা, মহিলা দলের একজন নেত্রী এবং তাঁতী দল ও ওলামা দলের একজন করে নেতা ডিলারশিপ পেয়েছেন। ৯ জন বিএনপি নেতার স্ত্রী, ৪ জনের সন্তান, ২ জনের ভাই, এক নেতার স্বজন ও সংসদ সদস্যের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এক ব্যক্তি ডিলার হয়েছেন। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ওয়ার্ড নেতা এবং দুজন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *