যশোর প্রতিনিধি

ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন আট বাংলাদেশি। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানায়, ফেরত আসা ব্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। তাঁরা অভাবের তাড়নায় দালালের মাধ্যমে সীমান্তপথে ভারতে গিয়ে বিভিন্ন স্থানে কাজ করছিলেন। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু ও কলকাতার দমদম পুলিশ তাঁদের আটক করে। পরে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, কারাভোগ শেষে ফেরত আসা আট বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, তাঁদের থানা থেকে গ্রহণ করে নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *