কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এসপিএল (SPL) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬
-এর তৃতীয় সিজন। সাদপুর ক্রীড়া পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ঐতিহ্যবাহী সাদপুর মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কৃষ্ণনগর ক্রিকেট একাদশ ও নলতা এস এম এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশ। টসে জিতে নলতা এস এম এন্টারপ্রাইজ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ওভারে দলটি ২০৬ রান সংগ্রহ করে। জবাবে কৃষ্ণনগর ক্রিকেট একাদশ সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে বড় ব্যবধানে জয় তুলে নেয় নলতা এস এম এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশ।
খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নলতা এস এম এন্টারপ্রাইজের খেলোয়াড় নিশীথ। তিনি বল হাতে ২৭ রানে ৪ উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতে ৩০ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান বাপ্পি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ডাঃ মোঃ আব্দুল কাদের। সাদপুর ক্রীড়া পরিষদের মোঃ শরিফুল হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে খেলার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মাসুম হোসেন ও আব্দুস সামাদ।
এছাড়া খেলাটির ধারাভাষ্যে ছিলেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক। তাদের প্রাণবন্ত ধারাভাষ্যে মাঠজুড়ে বাড়তি উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
সাদপুর ক্রীড়া পরিষদ (স্থাপিত: ১৯৯০) আয়োজিত এই ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাঠজুড়ে ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।
এবারের টুর্নামেন্টের স্পন্সর হিসেবে সহযোগিতা করছে লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল (ইউনিট-১: পাউখালী মোড় এবং ইউনিট-২: হাইস্কুল মোড়, নলতা)। এছাড়া ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এর সৌজন্যে আয়োজিত এই প্রতিযোগিতা এলাকার তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে বলে মনে করছেন আয়োজকরা।
আগামীকালকের ম্যাচে মুখোমুখি হবে সানজানা ক্রিকেট একাডেমি, শ্যামনগর ও ভাই ভাই ক্রিকেট সাদপুর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *