ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ ফাইনালে বালক বিভাগে গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-০ গোলের বিশাল ব্যবধানে উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ভদ্রখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে এনএনটি রতনপুর টুপদিয়া নিজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এদিনের ফাইনাল খেলার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মিলন সাহা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম (বাবু), সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী শওকাত হোসেন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আল রাজি টোকন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব, সরকারি শিক্ষা অফিসার জ্যোতি শংকর রায়, কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার ঘোষ, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার, দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রফিকুন্নেছা প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন। পুরো টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল রহমান।

তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বালিকা বিভাগের ১৩টি এবং বালক বিভাগের ২২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ও বিকালে ভাগ করে খেলাগুলো অনুষ্ঠিত হয় এবং শুরু থেকেই মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের ব্যাপক উপস্থিতি। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টটি ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলে এবং সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার ধারাভাষ্য প্রদান করেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম.আর. মোস্তাক আহমেদ।

রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সৈয়দ মোমিনুর রহমান, আলিমুজ্জামান রিফাত, নাঈমুর রহমান নাঈম, রবিউল ইসলাম ও সাকিব সোহেল।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে খেলা শেষে কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতিমা আক্তারের সাথে বাক-বিতণ্ডাকে কেন্দ্র করে গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমর্থিত ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *