ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামে গভীর রাতে দুইটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০৬মে) দিবাগত রাত দেড়টায় দিকে এ ঘটনা ঘটে। এ সময় চোরেরা ঘরের দরজা ও বাক্সের তালা ভেঙে নগদ টাকা নিয়ে যায়। ভুক্তভোগী সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী একই এলাকার অলিয়ার মোড়লের ছেলে মোঃ বিল্লাল হোসেন বাড়িতে চোরেরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ঘরের ভিতরে থাকা বাক্সের তালা ভেঙে
আনুমানিক ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। একই রাতে পার্শ্ববর্তী জাহানারা বেগম (জানু) এর বাড়িতেও চোরেরা দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং বাক্স ভেঙে আনুমানিক ১ হাজার থেকে ১ হাজার ৫শ টাকা নিয়ে যায়। ঘটনার সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, চোরেরা ঘটনাস্থলে একটি ছুরি ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা রাতের বেলায় আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

