সমাজের আলো।। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এরপর নানান নাটকীয়তায় অন্তর্বর্তী সরকারের পুরো আমলে দেশে ফেরা হয়নি সাকিবের, খেলা হয়নি জাতীয় দলেও।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে আবারও জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। কয়েকদিন আগে সাকিবকে নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি যখন সরকার গঠনের দ্বারপ্রান্তে, ওই আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে।
এমন সময় নতুন খবর দিয়েছে দেশীয় ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি সান। সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাকিবকে দেখা যেতে পারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও! অন্যদিকে সাকিব এ ব্যাপারে সরাসরি কিছু না বললেও সম্ভাবনার কথা উড়িয়ে দেননি।

