যশোর অফিস
যশোরের বাঘারপাড়ায় পবিত্র কোরআন শরীফের পাতা ছিঁড়ে অবমাননার অভিযোগে সালমুন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আগদোহাকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আগদোহাকুলা গ্রামের সরদার বাড়ী জামে মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে অভিযুক্ত সালমুন সেটির পাতা ছিঁড়ে পাশের আঃ মান্নান নামে এক ব্যক্তির পুকুরে ফেলে দেয়। এ সময় প্রতিবেশী রনি (২০) ঘটনাটি ভিডিও ধারণ করে স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর জুমার নামাজ শেষে মুসল্লিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং দোষীর শাস্তির দাবি জানান।
খবর পেয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত সালমুনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
এ ব্যাপারে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

