সমাজের আলো।। :“সবার আগে বাংলাদেশ, করবো কাজ, গড়বো দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ও উন্নয়ন উদ্যোগ বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সাতক্ষীরায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।
প্রেস ব্রিফিংয়ে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খনন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষক কার্ড প্রদান এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন জনবান্ধব উদ্যোগের সুফল তুলে ধরা হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠন করা। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষকের স্বার্থরক্ষা, নারীর নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে এবং এসব কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রেস ব্রিফিংয়ে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, সাতক্ষীরা।

