যশোর অফিস
যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে ৩৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
রবিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ইমিগ্রেশন সূত্র জানায়, ফিরে আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে তারা ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়—পাবনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, রংপুর, বাগেরহাট, পিরোজপুর, কুমিল্লা ও বরিশালসহ বিভিন্ন এলাকায়।
জানা গেছে, আটক হওয়ার পর তারা ভারতের তামিল নাডুর একটি বিশেষ ক্যাম্পে অবস্থান করছিলেন। পরবর্তীতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। সেখানকার আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
এ প্রক্রিয়ায় সহযোগিতা করছে বেসরকারি সংস্থা যশোর‘জাস্টিস অ্যান্ড কেয়ার’।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *