শহিদ জয়, যশোর
যশোরের বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা বিপুল পরিমাণ ঘোষণা বহির্ভূত পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে ভারতীয় ডই-১৫, ই-৮৫৯৩ নম্বরের একটি ট্রাকের পণ্য চালান পরীক্ষা করে এসব পণ্য আটক করা হয়। চালানটি কাগজপত্রে বেকিং পাউডার হিসেবে ঘোষণা করা হলেও তল্লাশিতে বিপুল পরিমাণ গার্মেন্টস সামগ্রী ও কসমেটিক্স পাওয়া যায়। পণ্যগুলো ঢাকা মেট্রো-ট ১৪-৯২৪৭ নম্বরের একটি ট্রাকে লোড দেওয়ার জন্য গেট পাস করা ছিল। ওই শেডের দায়িত্বে ছিলেন ইনচার্জ আরিফুল ইসলাম ও নুর আহম্মেদ।
সূত্র জানায়, আমদানিকারক প্রতিষ্ঠান সাফা ইমপেক্স ভারতের একটি ট্রাকে বেকিং পাউডার ঘোষণা দিয়ে ১২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে পণ্যটি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনে। চালানটির সিএন্ডএফ এজেন্ট ছিল বেনাপোলের হুদা ইন্টারন্যাশনাল।
কাস্টমস কর্তৃপক্ষ চালানটি পরীক্ষা করে ১০৮টি প্যাকেজে ঘোষণা বহির্ভূত বিভিন্ন পণ্য উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ৬ হাজার ৫৩০ পিস শাড়ি, ৫৮৮ পিস থ্রি-পিস, ৩০০ পিস টু-পিস, ৫২০ পিস ওড়না, ২৬০ কেজি বেবি ওয়্যার, ৫০৯ কেজি ফেস ওয়াশ, ৬৫ কেজি বডি লোশন, ৬০ কেজি জর্দা তৈরির কেমিক্যাল এবং ২২৩ কেজি বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী।
কাগজপত্রে ১৩০ বস্তা বেকিং পাউডার উল্লেখ থাকলেও তল্লাশিতে পাওয়া গেছে ১০৮ বস্তা। বাকি ২২ বস্তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির প্রবণতা বেড়েছে। মাঝে মধ্যে দুই-একটি চালান আটক হলেও অধিকাংশই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতে সরকারের রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, বেকিং পাউডার ঘোষণা দিয়ে উন্নতমানের শাড়ি, থ্রি-পিস ও কসমেটিক্স সামগ্রী আমদানি করা হয়েছিল। শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই এসব পণ্য আনা হয়েছে। এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠান সাফা ইমপেক্স ও সংশ্লিষ্ট সিএন্ডএফ প্রতিষ্ঠান মেসার্স হুদা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *