যশোর প্রতিনিধি
শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়,সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল বিওপির সুবেদার মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে বেনাপোল পোর্টের সীমান্ত এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামে ফজলে করিম (ওরফে বুড়ো) এর বাড়ির পরিত্যক্ত গেইটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ‘ভিএল’ খোদাই করা দুই রাউন্ড গুলি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মূল্য ২ লাখ ১০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে বিজিবি আরও জানায়,উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *