সমাজের আলো।।মানুষের সাধ্যের বাইরে কোনো কোনো প্রতিশ্রুতি দিতে চান না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-১০ নাম্বার সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি। আসনটিতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তারেক রহমান বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে।
এর আগে নিজ সংসদীয় আসন ঢাকা-১৭ এলাকার ইসিবি চত্বর থেকে পথসভা শুরু করেন তারেক রহমান। এরপর পল্লবীতে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের সমর্থনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন।
তারেক রহমান বলেন, আমরা এমন প্রতিশ্রুতি দিচ্ছি যা মানুষের পক্ষে বাস্তবায়ন সম্ভব। এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি যা ইহজগতে সম্ভব নয়।
বিএনপি চেয়ারম্যান বলেন, ১২ তারিখের নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন।

