যশোর প্রতিনিধি
যশোর সদরের উপশহর ইউনিয়নে দাপিয়ে বেড়াচ্ছে চিহ্নিত সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের মধ্যে অন্যতম রুপম ও জুয়েলের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। সন্ত্রাসের পাশাপাশি এরা অবৈধ ব্যবসায় সাথে জড়িত বলে একাধিক সূত্র জানিয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, উপশহর বি-ব্লকের বাসিন্দা রুপম ও একই এলাকার এ-ব্লকের বাসিন্দা টিপু সুলতান জুয়েল। তারা সম্পর্কে আপন মামাতো-ফুপাতো ভাই। সূত্র জানায়, রুপম ও জুয়েল তাদের সহযোগী সন্ত্রাসীদের নিয়ে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে।
এলাকাবাসী জানায়, রুপম প্রায় ১০ বছর যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। ইয়াবা ট্যাবলেটসহ সে কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছে, কারাভোগও করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে রুপম তার দলবল নিয়ে বেপরোয়া হয়ে ওঠে। বিভিন্ন স্থানে নিজেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিয়ে সে ব্যাপক চাঁদাবাজি শুরু করে। চাঁদা না দিলে তার ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। রুপমের আপন ফুফাতো ভাই টিপু সুলতান জুয়েলও সন্ত্রাসের সাথে জড়িত। এক সময় সে আওয়ামী যুবলীগের পরিচয়ে সন্ত্রাস করলেও এখন স্বেচ্ছাসেবক দলের নামে অপকর্ম চালিয়ে যাচ্ছে। জানা গেছে, জুয়েল ইজিবাইকের নকল ব্যাটারির ব্যবসার সাথে জড়িত। একই সাথে তার মাদক ব্যবসাও চলছে। এই অবৈধ ব্যবসার মাধ্যমে সে লাখ লাখ টাকা আয় করছে। অত্যন্ত ধুরন্ধর জুয়েল তার অপরাধ কর্মকাণ্ড অটুট রাখার জন্য বিভিন্ন স্থানে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছে। সে মাদকাসক্ত। শহরের চিহ্নিত চোরাচালানীদের সাথেও তার গভীর সখ্যতা রয়েছে। রুপম ও জুয়েল দুজনেই অস্ত্রধারী সন্ত্রাসী বলে জানা গেছে।
সম্প্রতি রুপম, জুয়েলসহ কতিপয় সন্ত্রাসী এক যুবককে অপহরণ করে। তারা উপশহর ট্রাক টার্মিনালে অবস্থিত একটি হোটেলে নিয়ে উক্ত যুবকের ওপর অমানবিক নির্যাতন চালায়। স্থানীয় লোকজন জানান, এই হোটেলটি রুপম ও জুয়েল “টর্চার সেল” হিসেবে ব্যবহার করছে। তারা বিভিন্ন স্থান থেকে লোকজনকে অপহরণ করে এই হোটেলে এনে নির্যাতন চালায় এবং মুক্তিপণ আদায় করে থাকে। সন্ত্রাসীরা কৌশল হিসেবে দুশ্চরিত্রের মেয়েদের দিয়ে আপত্তিকর ছবি তুলে লোকজনকে জিম্মি করে। এরপর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে আদায় করে টাকা। জুয়েল বহু নারীতে আসক্ত। ইতিমধ্যে সে কয়েকটি বিয়ে করেছে। স্ত্রীদের ওপর তার অমানবিক নির্যাতনের বিষয়টি প্রতিবেশীদের অনেকেই জানেন।
সূত্র জানায়, বছর দশেক আগে জুয়েল আওয়ামী যুবলীগের সাথে যুক্ত হয়। এরপর ক্ষমতার দাপট দেখিয়ে সে চালাতে থাকে নানা অপরাধ ও অবৈধ ব্যবসা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে ধুরন্দর জুয়েল রাতারাতি বনে যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা। দলবল নিয়ে এলাকায় নিয়মিত মহড়া দিয়ে সাধারণ মানুষের মাঝে আতংক সৃষ্টি করে।
নাম প্রকাশ না করার শর্তে উপশহর এ-ব্লকের কতিপয় বাসিন্দা জানান, সন্ত্রাসী রুপমের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুখ্যাত চাঁদাবাজ রুপমসহ কতিপয় চিহ্নিত সন্ত্রাসীর অত্যাচারের কারণে উপশহরে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত করা হয়। এছাড়া এদেরকে নির্বাচনী সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলে হয়। কিন্তু পরবর্তীতে নির্বাচনের তিনদিন আগে থেকে সন্ত্রাসী রুপম ও জুয়েলসহ তাদের সহযোগীরা এলাকায় মোটরসাইকেলে ব্যাপক মহড়া দিয়ে ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, সন্ত্রাসী রুপম ও জুয়েলের সাথে উপশহর ফাঁড়ি পুলিশের মধুর সম্পর্ক। যে কারণে পুলিশ নীরব ভুমিকা পালন করছে। এ ব্যাপারে এলাকাবাসী রুপম ও জুয়েলসহ তাদের সহযোগী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের উর্ধ্বতন ককর্মকর্তা ও জেলা বিএনপির সুদৃষ্টি কামনা
করেছেন।
এপ্রসঙ্গে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, এ দুজনকে আটকের বিষয় পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

