যশোর অফিস
যশোরে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শান্তিপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে যশোর জেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সেবামুখী প্রশাসন গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, স্থানীয় সরকারের উপপরিচালক মো. রফিকুল হাসানসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *