যশোর প্রতিনিধি
যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া এলাকার বস্তিতে বোমা বিস্ফোরণে শিশু খাদিজা (৭) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে খালধার রোড এলাকা থেকে ফয়সাল হাসান রিয়াদকে আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশ।
আটক রিয়াদ খালধার রোড আলিয়া মাদ্রাসা এলাকার আলতাফ হোসেন কুটির ছেলে। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ মে সকাল ৮টার দিকে শংকরপুর জমাদ্দারপাড়া এলাকার একটি বস্তির বসতঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে খাদিজা (৭) ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় তার দুই ভাই-বোন সজীব (৫) ও আয়েশা (৩)। তারা ওই এলাকার শহিদুল ইসলাম সুজন ও সুমি খাতুন দম্পতির সন্তান। এ ঘটনায় নিহত শিশুর মা অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
তদন্তের শুরুতেই সন্দেহভাজন হিসেবে রাব্বি হোসেন মুসা নামে এক যুবককে আটক করা হয়েছিল। সর্বশেষ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াদকে আটক করা হলো।
এদিকে থানা ও আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে রিয়াদের পরিবার দাবি করেছে, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। তদন্তে জড়িত না থাকার প্রমাণ মিললে চার্জশিটে অব্যাহতির আবেদন জানানো হবে।

