শহিদ জয়, যশোর
যশোর সদর উপজেলার মান্দারতলা বাজারে অবৈধভাবে মবিল বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সদস্যরা।
রোববার (৮ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত সদর মান্দারতলা বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
অভিযানকালে দেখা যায়, মান্দারতলা বাজারের মেসার্স এস এম লুভ নামের প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত মবিল তৈরি করছে। প্রতিষ্ঠানটি এইচডি-৫০, ২০ডব্লিউ-৪০ ও ২০ডব্লিউ-৫০ নামের মবিল ম্যানুয়ালভাবে বোতলজাত করে বাজারজাত করছিল। এছাড়া তাদের মবিল পরীক্ষার জন্য কোনো ল্যাব সুবিধাও নেই বলে জানা যায়।
এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার দায়ে ৪৫ ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা
করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা।
অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা,ক্যাব (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) যশোরের সদস্য এবং র্যাব-৬ এর একটি দল উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শহিদ জয়

