যশোর প্রতিনিধি
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার বালুন্ডা দক্ষিণপাড়ার গ্রামে এঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের আব্দুল বারীকের ছেলে জাকির হোসেন (৬৫) এবং মৃত নুজ্জাক মিয়ার ছেলে আব্দুল কাদের (৬০)। এদের মধ্যে জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রবাসী জাকিরের ভিটায় বাথরুমের হাউজ নির্মাণের জন্য মাটি কাটার কাজ করছিলেন ওই দুই শ্রমিক। কাচারি পুকুর পাড় এলাকায় আনুমানিক দেড় ফুট গভীরে কোদাল দিয়ে খোঁচা দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে মাটির নিচে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং দুই শ্রমিক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
শার্শা থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, আগে থেকেই কেউ নাশকতার উদ্দেশ্যে মাটির নিচে বোমাটি পুঁতে রেখেছিল। বিস্ফোরণের স্থান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। পুলিশ ঘটনাটি অধিকতর তদন্ত করে দেখছে যে, সেখানে আরও বোমা পুঁতে রাখা আছে কিনা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *