সমাজের আলো।।
দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তথ্য অধিকার বিষয়ক এক তাত্ত্বিক ও ব্যবহারিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার সোনাবাড়িয়া সোনার বাংলা ডিগ্রি কলেজে দ্য কার্টার সেন্টারের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর সহযোগিতায় এ ওরিয়েন্টেশনে সততা সংঘের সদস্য, সংঘের উপদেষ্টা ও দুপ্রক সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল।
দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলামের সভাপতিত্বে ও মুখ্য আলোচনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন তাসকিন, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান বাবলা।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আক্তার আসাদুজ্জামান চান্দু, সহ-সভাপতি কাজী শামসুর রহমান, সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও উৎপল কুমার সাহা, সোনার বাংলা ডিগ্রি কলেজের সততা সংঘের উপদেষ্টা সভাপতি ও অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু, সদস্য সহকারী অধ্যাপক শেখ আব্দুর রহিম এবং ক্রীড়া শিক্ষক মো. জাকির হোসেন মাহমুদস, অভিভাবক সদস্য মোঃ গোলাম কবির, দ্য কার্টার সেন্টার সাতক্ষীরার সদর, তালা, আশাশুনি ও কলারোয়া উপজেলা ফ্যাসিলিটেটর জাহিদা জাহান মৌ, নাজমা খাতুন, আছমা খাতুন ও লিমা সেন।
বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ সম্পর্কে সচেতন হতে হবে। একই সঙ্গে সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত সততা ও নৈতিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা জরুরি।
ওরিয়েন্টেশনে মানবাধিকার, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, তথ্য অধিকার আইন এবং এসব আইনের প্রয়োগ ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের উদ্দেশ্যে একটি জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মাঝে আকর্ষণীয় শিক্ষামূলক বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মধ্যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের একটি অংশে আলোচক ও পূর্ণ সঞ্চালকের দায়িত্ব পালন করেন দ্য কার্টার সেন্টারের প্রোগ্রাম অফিসার নাজমুন নাহার।

