সমাজের আলো।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) “পোল্ডার নং-১৫ পুনর্বাসন” প্রকল্পের কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক কমিশনে লিখিত গোপন অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খুলনা কার্যালয়ের একটি বিশেষ টিম এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযানের বিবরণ; দুদক সমন্বিত জেলা খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রকিবুল ইসলাম, উপসহকারী পরিচালক মো. মহসীন আলী এবং উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমানের সমন্বয়ে গঠিত একটি দল সরেজমিনে প্রকল্পের কাজ পরিদর্শন করেন। বিগত আর্থিক বরাদ্দে গাবুরা ইউনিয়নে চলমান এই টেকসই বাঁধ নির্মাণ কাজে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক টিম সুত্রে।
তদন্তকালে প্রকল্পের কাজে একাধিক ভয়াবহ অনিয়মের চিত্র ফুটে ওঠে। অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য নিম্নমানের সামগ্রী; সঠিক গ্রেডের পাথর ও বালির পরিবর্তে লবণাক্ত ও মানহীন বালি ব্যবহার।
নির্মাণে ত্রুটি; ব্লকের স্থায়িত্ব বাড়াতে সুপেয় পানি ব্যবহারের কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে লবণাক্ত পানি।
ডাম্পিংয়ে অনিয়; আধুনিক পদ্ধতির পরিবর্তে দায়সারাভাবে নৌকা দিয়ে ডাম্পিং কার্যক্রম পরিচালনা।
কিউরিং অবহেলা; ব্লকের সঠিক কিউরিং না করা এবং প্রয়োজনীয় সংখ্যক ব্লক ব্যবহার না করে কাজ সমাপ্ত করার চেষ্টা।
অভিযান চলাকালীন স্থানীয় এলাকাবাসী পাউবো-র দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। বারবার ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের শিকার উপকূলীয় এই অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই প্রকল্প গ্রহণ করেছে। এলাকাবাসীর দাবি, যদি এই গুরুত্বপূর্ণ প্রকল্পেও দুর্নীতি হয়, তবে তাদের দুর্দশা কখনো ঘুচবে না।
অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, তারা সংগৃহীত তথ্য ও প্রমাণ যাচাই-বাছাই করে দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবেন। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে সাধারণ মানুষ আশাবাদ ব্যক্ত করেছেন।

