সমাজের আলো।। রমজান ও ঈদুল ফিতরের ছুটিতে প্রায় এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করে কলেজগুলোতে ১৮ ফেব্রুয়ারি থেকে টানা ছুটি শুরু হয়। এ ছুটি ২৫ মার্চ পর্যন্ত চলার পর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক ছুটি মিলিয়ে বিরতি আরও দীর্ঘ হয়। ফলে রোববার থেকে পুনরায় ক্লাস শুরু হচ্ছে।
একইভাবে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি ছিল। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ মার্চ থেকে ছুটি শুরু হয়ে একই দিনে শেষ হচ্ছে। ফলে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানেই একযোগে পাঠদান শুরু হতে যাচ্ছে।
এদিকে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পুষিয়ে নিতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রতিষ্ঠান খোলার পর টানা ১০টি শনিবারও শ্রেণিকক্ষের কার্যক্রম চালু থাকবে। এতে করে নির্ধারিত পাঠপরিকল্পনা যথাসময়ে শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

