সমাজের আলো।
পল্লী সঞ্চয় ব্যাংকের সাতক্ষীরা জেলার কলারোয়া শাখার এক জুনিয়র অফিসারের বিরুদ্ধে সমিতির প্রায় ৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন আঃ গফুর। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, তিনি ২০২১ সালে কেশবপুর থেকে বদলি হয়ে কলারোয়া শাখায় যোগদান করেন। অভিযোগ রয়েছে, কেশবপুরে মাঠকর্মী হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে তিনি পরিবার ও আত্মীয়স্বজনের নামে প্রায় ৫ লক্ষাধিক টাকা ঋণ নিয়ে তা আর পরিশোধ করেননি। এছাড়াও তার নিজ ইউনিয়ন কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নের কয়েকটি সমিতিতে সদস্যরা সঞ্চয়ের টাকা জমা দিলেও তিনি সেগুলো সদস্যদের বইতে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সমিতির সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন গ্রুপ ও সমিতির সদস্যদের কাছ থেকে সঞ্চয়ের টাকা সংগ্রহ করলেও সেই টাকার একটি বড় অংশ ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা না করে আত্মসাৎ করেছেন। প্রাথমিকভাবে হিসাব মিলিয়ে দেখা গেছে, প্রায় ৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সমিতির কয়েকজন সদস্য জানান, তারা নিয়মিত কিস্তি ও সঞ্চয়ের টাকা জমা দিলেও পরে ব্যাংকের হিসাবের সঙ্গে মিলিয়ে বিপুল গরমিল ধরা পড়ে। বিষয়টি সামনে আসার পর সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, ব্যক্তিগত প্রভাব ও পদমর্যাদার সুযোগ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে এসব অনিয়ম করে আসছিলেন।
এছাড়া স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, কলারোয়া শাখায় বদলি হয়ে আসার পর তিনি জালালাবাদ ইউনিয়নের এক নারী সদস্যের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় এলাকায় সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরও অভিযোগ রয়েছে, তিনি তার অধীনস্থ মাঠকর্মীদের মাধ্যমে কলারোয়া শাখায় ঘুষের একটি বলয় গড়ে তুলেছেন। মাঠকর্মীদের সহায়তায় বিভিন্ন হিসাব বই থেকে জালিয়াতির মাধ্যমে সঞ্চয় উত্তোলন এবং ঋণ বিতরণে শতকরা হারে গ্রাহকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। অনাদায়ী ঋণগ্রহীতাদের হয়রানি করে ঘুষ নেওয়ার মাধ্যমে সরকারি টাকা আদায় না করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
কলারোয়া শাখায় কর্মরত কিছু মাঠকর্মী সময়মতো অফিসে উপস্থিত না হয়ে কেউ বাসায় ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন, আবার কেউ চাকরির পাশাপাশি বিভিন্ন ব্যবসায় জড়িয়ে পড়েছেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে শাখা ব্যবস্থাপক আফজাল বশির অকপটে স্বীকার করে বলেন, স্থানীয় মাঠকর্মীদের যথাযথভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, স্থানীয় কর্মীদের অন্যত্র বদলি করা গেলে খেলাপি ঋণ আদায় বাড়তে পারে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন নিশ্চিত করা সম্ভব হবে।
জালালাবাদ ইউনিয়নের এক ভুক্তভোগী ছাত্রী জানান, প্রতারণার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত আঃ গফুরের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বিষয়টি নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করবেন বলেও জানান। অভিযোগের সুষ্ঠু বিচার না পেলে তিনি অভিযুক্ত আঃ গফুরের বিরুদ্ধে প্রতারণা ও বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা দায়ের করবেন বলেও হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে অভিযুক্ত আঃ গফুর ভুক্তভোগী স্কুলছাত্রীকে নিজের আত্মীয় বলে দাবি করে অনৈতিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেন। তবে চলতি বছরের জানুয়ারি মাসে স্থানীয় বাসিন্দারা ওই ছাত্রী ও তাকে পৌরসদরের একটি বাসায় আটক করে আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছিল—এমন ঘটনা তিনি স্বীকার করেছেন। কেশবপুরে অর্থ আত্মসাতের বিষয়ে তিনি বলেন, সাগরদাঁড়ি ইউনিয়নে আত্মীয়স্বজন ও পরিবারের নামে নেওয়া ঋণ তিনি দ্রুত পরিশোধ করবেন।
কলারোয়া শাখায় ঘুষের অভিযোগের বিষয়ে তিনি শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তিনি আরও স্বীকার করেন যে, কেশবপুর থেকে অফিসে যাতায়াত করার কারণে মাঠকর্মীদের তদারকি ঠিকমতো করতে পারেন না এবং তিনি নিজেও সবসময় সময়মতো অফিসে উপস্থিত থাকতে পারেন না।
এদিকে পল্লী সঞ্চয় ব্যাংকের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আর্থিক অনিয়ম ও নারী সংশ্লিষ্ট অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ‘একটি বাড়ি একটি খামার’ ও পল্লী সঞ্চয় ব্যাংক সাতক্ষীরা জেলার ব্যবস্থাপক বিশ্বজিৎ সরদার বলেন, “জুনিয়র অফিসার আঃ গফুর ও কলারোয়া শাখার বিভিন্ন অনিয়মের বিষয়ে আমরা অবগত আছি। নারী কেলেঙ্কারি ও আর্থিক অনিয়ম—দুটিই চাকরি বিধির পরিপন্থী। ভুক্তভোগী ছাত্রীকে প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট মাঠকর্মীসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ভুক্তভোগী সদস্যরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আত্মসাৎ হওয়া টাকা উদ্ধার এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *