সমাজের আলো।। বাংলাদেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৪ হাজার ভোটকেন্দ্রকে অত্যন্ত বা মাঝারি মাত্রায় স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে পুলিশ।
আধিকারিকদের দাবি, কোথায় কতটা ঝুঁকি রয়েছে, তা মূল্যায়ন করেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশনার আব্দুল ফজল মুহাম্মদ সানাউল্লাহের কথায়, আঞ্চলিক ভাবে কোথায় কতটা সংবেদনশীল পরিস্থিতি রয়েছে, সেই অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে।
বাংলাদেশের পুলিশ ইতিমধ্যে মাঠ পর্যায়ের বিশ্লেষণ করে স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলির একটি তালিকা দিয়েছে নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচনের জন্য সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে রয়েছে। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, এর মধ্যে ২৪ হাজার ভোটকেন্দ্রকে অত্যন্ত বা মাঝারি মাত্রায় স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে সে দেশের পুলিশ। ঢাকা অঞ্চলে মোট ২,১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। তার মধ্যেও ১,৬১৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। যদিও বাংলাদেশ সেনার হিসাবে ঢাকা শহরের মধ্যে দু’টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে।
নির্বাচন কমিশনার জানান, বৃহস্পতিবারের ভোটের জন্য গোটা বাংলাদেশে বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবেন। এ ছাড়া ড্রোন, বডিক্যামও থাকবে। সেগুলিও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।

