সমাজের আলো।। স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একজনকে বেকসুর খালাস দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়।বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- জামালপুর সদরের পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী ও শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।
এদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।
২০২৩ সালের ১৯ জুলাই স্বামীর ব্যবসায়িক প্রয়োজনে সেলিম নামে এক ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন তারা। কাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাকুল্লা এলাকায় স্বামীর সাথে বাড়ির দিকে ফিরছিলেন তারা। এমন সময় আসামীরা তাদের দেখে বিভিন্ন রকম কথা বলে এবং খারাপ কিছু সন্দেহ করে। নিজেদের স্বামী ও স্ত্রী পরিচয় দেয়ার পরও তারা বিশ্বাস করেনি। পরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা।

