সমাজের আলো।। খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত আজাদসহ দুই এসপি ও দুই অতিরিক্ত এসপি গ্রেপ্তার হলেন।
গতকাল বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আজাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নুরুজ্জামান জনি হত্যা মামলায় আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুরের ওই প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন।
ঝালকাঠির বাসিন্দা আজাদ ২৫তম বিসিএসের পুলিশ কর্মকর্তা। গ্রেপ্তার অন্য তিন কর্মকর্তা হলেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত এসপি আবুল হাসান ও মো. রাকিবুল হাসান। ১৪ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। মামলায় তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাঁদের কাছে পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে।
অতিরিক্ত এসপি আবুল হাসানকে গ্রেপ্তার করা হয় ঢাকায় বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায়। গত মঙ্গলবার ঢাকার একটি আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর ৩৩তম বিসিএসের কর্মকর্তা রাকিবুল হাসানকে রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর কথা আজ জানিয়েছে ডিএমপি।

