কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোতা মৌজায় সরকারি খাস জমি জবরদখলের চেষ্টা এবং ইজারাগ্রহীতা ভূমিহীন পরিবারগুলোকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও ফসলের সুরক্ষা চেয়ে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ভূমিহীনরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোতা মৌজার ১নং খাস খতিয়ানের ৭.৬৬ একর জমি ২০০৫ সাল থেকে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসছেন মোঃ ইউনুস আলী মোড়লসহ ৮ জন ভূমিহীন পরিবার। দীর্ঘ ২১ বছর ধরে তারা সেখানে মাছ চাষ ও বিভিন্ন ফসল উৎপাদন করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছেন।

ভূমিহীনদের উচ্ছেদের উদ্দেশ্যে বিবাদী মোঃ শাহনুর মোল্যা ও তার সহযোগীরা এর আগে আদালতে ১০৫/২৫ নম্বর একটি দেওয়ানি মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২৩ জুলাই ২০২৫ তারিখে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেও পরে সরকারের পক্ষ থেকে আপত্তি দাখিল করা হয়। পরবর্তীতে উভয় পক্ষের শুনানি ও নথিপত্র পর্যালোচনা শেষে গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা ভ্যাকেট (বাতিল) করে দেন।

ভুক্তভোগীদের অভিযোগ, আদালতে নিষেধাজ্ঞা বাতিল হওয়ার পরও ক্ষান্ত হয়নি শাহনুর মোল্যা, সুশান্তসহ তাদের সহযোগীরা। তারা বেআইনিভাবে ঘেরের মাছ ও জমির ফসল লুটপাটের পাঁয়তারা করছে এবং ভূমিহীন পরিবারগুলোর সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করছে।

ভুক্তভোগী মোঃ ইউনুস আলী মোড়ল বলেন,
“আমরা আইন মেনে সরকারকে রাজস্ব দিয়ে জমি চাষাবাদ করছি। আদালত আমাদের পক্ষে সিদ্ধান্ত দেওয়ার পরও বিবাদীরা গায়ের জোরে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। আমরা এখন জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

ভূমিহীন পরিবারগুলো তাদের ঘেরের মাছ, ধান ও অন্যান্য ফসল রক্ষায় এবং সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *