সমাজের আলো।।সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে ব্যবসায়ী আজিবর রহমানের ওপর হামলা, চাঁদাবাজি ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আরও এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কালিগঞ্জ থানার এএসআই আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কৃষ্ণনগর শ্মশানঘাট এলাকা থেকে মহাসিন কাগুজি (৩০)কে একটি শাটারগানসহ গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার (২২ জুন) একই মামলায় আনিসুর রহমান নামে অপর এক আসামিকে অস্ত্রসহ আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) বিকেলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ী আজিবর রহমানের কাছে চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মারধর ও অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সোমবার (২২ জুন) কালিগঞ্জ থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করা হয়।

থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের নির্দেশনায় এএসআই আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। ওসি শহিদুল ইসলাম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *