সমাজের আলো।। সাতক্ষীরার কালিগঞ্জে ছেলের নির্যাতন ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রতিকার চেয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক বৃদ্ধ মা।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর এ অভিযোগ দাখিল করেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বনকাটি গ্রামের মৃত নজরুল মোড়লের স্ত্রী মোছা. করিমুন্নেছা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার একমাত্র ছেলে জাকির হোসেন (২৮) দীর্ঘদিন ধরে কোনো কাজকর্ম না করে বাড়িতে অলস সময় কাটান। সংসারের কোনো দায়িত্ব পালন করেন না। জীবিকা নির্বাহের জন্য তিনি ও তার পুত্রবধূকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। কাজ করার কথা বললে ছেলে তার সঙ্গে দুর্ব্যবহার করেন । বিভিন্ন সময় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া অভিযুক্ত জাকির হোসেন তার গর্ভবতী স্ত্রীকেও মানসিকভাবে নির্যাতন করে।
তার আচরণে পুত্রবধূ মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন করিমুন্নেছা। এছাড়া কাজের কথা বললে অভিযুক্ত ছেলে আত্মহত্যার হুমকি দিয়ে পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অসহায় মা করিমুন্নেছা সাংবাদিকদের বলেন, ছেলের অত্যাচার ও দুর্ব্যবহারে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ অবস্থায় আমি নিরুপায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।
তিনি তার ছেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে পরিবারকে স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

