কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামে এক কলেজ অধ্যাপিকার ক্রয়কৃত সম্পত্তি দখল, ভাঙচুর ও সপরিবারে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, একটি প্রভাবশালী চক্র ‘মব’ সৃষ্টি করে তাদের বাড়িতে হামলা চালিয়েছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় জান্নাতুল বুশরা (৩৪) বাদী হয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করেছেন। আদালতে দাখিলকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীকলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের কন্যা জান্নাতুল বুশরা ২০২২ সালে তার পিতার কাছ থেকে ০.০৮৭৪ একর জমি (খতিয়ান নং ২৫-৮৭৮, আর.এস ১১৬৬ দাগ) ক্রয় করেন। পরবর্তীতে সেখানে একটি দোতলা ভবন নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছিলেন।অভিযোগে বলা হয়, তার ভাই মো. আব্দুস সবুর (শিমুল), তার স্ত্রী মহসিনা, আব্দুল খালেকসহ একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সম্পত্তিটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ফিরোজ আহম্মেদের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল বাড়ির সীমানায় প্রবেশ করে। তারা বাগানের গাছপালা কেটে ফেলে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এবং ওয়াশরুমের তালা ও ঘরের দরজা ভেঙে অনধিকার প্রবেশ করে বলে অভিযোগ করা হয়।
জান্নাতুল বুশরা অভিযোগ করেন, ঘটনার সময় তিনি কর্মস্থল পিরোজপুর জেলার ঘোষকাটি কলেজে অবস্থান করছিলেন। সেই সুযোগে পরিকল্পিতভাবে দখলবাজি চালানো হয়েছে। তিনি আরও বলেন, তার পিতা মারা যাওয়ার পরও তাকে বাবার শেষ মুখ দেখার সুযোগ দেওয়া হয়নি। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছে— এখানে কোনো সরকারি আইন নেই, আমি যা বলব তাই হবে। হামলার ভিডিও ধারণ করতে গেলে ভিডিওকারীকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
মামলার সাক্ষী রেহানা পারভীন ও মাকছুরা পারভীন জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এই দখলবাজি চালানো হয়েছে। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, বিষয়টি জানা আছে। এসআই জাকির হোসেন তদন্ত করছেন। উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে বসতে বলা হয়েছে। থানায় অনুষ্ঠিত সালিশে উপস্থিত কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু বলেন, “ষমব তৈরি করে দখলদারিত্ব করা অন্যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।
বর্তমানে শ্রীকলা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

