ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ–
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার অপরাধে দুটি করাতকল মালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে প্রত্যেক করাতকলকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
অভিযানকালে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল এবং বন বিভাগের ডেপুটি রেঞ্জার আওছাফুর রহমান ও আরমান সিকদার উপস্থিত ছিলেন।
লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

