কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ থানার আলোচিত-সমালোচিত উপপরিদর্শক (এসআই) মতিন বিশ্বাসকে মেহেরপুর জেলায় বদলি করা হয়েছে। তাঁর বদলির খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তির প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্ত করে আইনের আওতায় এনে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবিও উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এসআই মতিন বিশ্বাসের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের নিয়ে আপত্তিকর মন্তব্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলকে ভালো আখ্যায়িত করা, জমজ সন্তানের সম্ভাবনাময় এক নারীকে লাঞ্ছিত করা, থানায় সালিশের নামে বাদী-বিবাদীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং মাদক বিক্রেতাদের কাছ থেকে উৎকোচ গ্রহণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এসব অভিযোগকে কেন্দ্র করে তিনি স্থানীয়ভাবে বিতর্কের মুখে পড়েন বলে অভিযোগকারীদের দাবি। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এবং তদন্তের ফলাফল জানা যায়নি। স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু বদলি নয়, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিধিবিধান ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

