সমাজের আলো।।
“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনে রেখে “আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ-এর সভাপতিত্বে এবং সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র।
প্রধান অতিথির বক্তব্যে সৌমেন মৈত্র বলেন, “বায়ুদূষণ রোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা। জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের হাত থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে আমাদের এখনই পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।” সভা শেষে বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

