তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তালা উপজেলা প্রেসক্লাব ও তালা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। তাঁদের নিয়ে দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির এমন আপত্তিকর মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এ ধরনের মন্তব্য সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ন করার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কাজ হলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনস্বার্থে দায়িত্ব পালন করা। কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ও পেশাদার উপায়ে বক্তব্য দিতে পারেন। কিন্তু গণমাধ্যমকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ডা. মিজানের বিরুদ্ধে অতীতেও তদন্ত কমিটি গঠনের তথ্য
মানববন্ধনে বক্তারা ডা. মিজানুর রহমানের চাকরিজীবন ও তাঁর বিরুদ্ধে অতীতে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন। তাঁদের বক্তব্যে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগ পান। চাকরির প্রায় ১০ বছরে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডা. মিজানুর রহমান এর আগে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও এবং বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ করেন।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন বলে সংশ্লিষ্ট দপ্তরাদেশের তথ্য তুলে ধরা হয়েছে। দপ্তরাদেশ নম্বর: ৪৫.৪০.০০০০.০০২, তারিখ: ১৫/০৯/২০২৪।
মানববন্ধন থেকে বক্তারা ডা. মিজানুর রহমানের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর দ্রুত অপসারণের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষা, গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

