সমাজের আলো।।দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাতক্ষীরা জেলার শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। একই সঙ্গে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলম’র সভাপতিত্বে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন,তালা উপজেলা হরিহরনগর শাখা পোস্টমাস্টার আবুল কালাম আজাদ,ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার বাবু অসিত কুমার মন্ডল,রসূলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান, জগনাথপুর পোস্টমাস্টার আজরাতু জান্নাত’সহবিভিন্ন উপজেলা থেকে আগত কর্মচারীরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। তাদের দুই দফা দাবি হলো— বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান। এসব দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ ই জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে।

