সমাজের আলো।। সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল সন্দেহে ১৬টি ড্রামে প্রায় ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই ভ্যানচালককে আটক করা হয়েছে।
​আজ বুধবার (২১ অক্টোবর) বিকেল আনুমানিক ৩:০০ ঘটিকার সময় পাটকেলঘাটা পুরাতন থানার সামনের পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
​পুলিশ ও ডিএসবি সূত্রে জানা যায়, ঘটনার সময় দুটি ভ্যানে করে মোট ১৬টি প্লাস্টিকের ড্রামে করে তেল নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে সন্দেহ হলে সাতক্ষীরা ডিএসবি’র তালা ও পাটকেলঘাটা থানা জোনের ওয়াচার কনস্টেবল মোঃ হাবিবুর রহমান ভ্যানচালকদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় চালকরা অসঙ্গতিপূর্ণ ও ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করলে সন্দেহ আরও গভীর হয়।
​পরবর্তীতে বিষয়টি তাৎক্ষণিকভাবে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবগত করা হয়। ওসির নির্দেশে পুলিশ ও ডিএসবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৮০০ লিটার তেল বহনকারী ড্রামগুলো জব্দ করে এবং দুই ভ্যানচালককে আটক করে থানায় নিয়ে আসে।
​আটককৃত ভ্যানচালকরা হলেন— সাতক্ষীরা সদর থানার পুরাতন সাতক্ষীরা এলাকার দেলদার সানার ছেলে নুর ইসলাম (৪২) এবং একই থানার ধুলিহর সানা পাড়ার মোঃ মোসলেম আলীর ছেলে মোঃ ইউনুস আলী (৪৮)।
​প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত তেল ঢাকার কল্যাণপুরের ‘জে আর জে ফুড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামক প্রতিষ্ঠান থেকে (মেমো নম্বর-২১৭, তারিখ: ২০/১০/২০২৬ খ্রি:) চালানের মাধ্যমে ‘গ্রামীণ জীবন, সাতক্ষীরা সদর’ (মোবাইল: ০১৮৯২১৪৫৩৬৯) এর নামে আমদানি করা হয়েছিল।
​বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা সংস্থা (ডিএসবি) সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত তেলের গুণগত মান পরীক্ষা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ সংক্রান্ত অন্যান্য তথ্য উদঘাটনে এলাকায় গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *