যশোর অফিস
যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের নামে প্রস্তাবিত ৩০০ কোটি টাকার ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ প্রকল্পের বিরোধিতা করেছেন ভবদহের জলাবদ্ধতাকবলিত এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, বৃহত্তর যশোরের বিভিন্ন এলাকাকে ভবদহের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সঙ্গে যুক্ত করা বাস্তবসম্মত নয়। সেচ প্রকল্পের পরিবর্তে নদী-খাল সচল করা এবং বিলে বিলে জোয়ারাধার (টিআরএম) চালুর মাধ্যমে স্থায়ী সমাধান করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে যশোরের জেলা প্রশাসকের কাছে পানিসম্পদ ও কৃষিমন্ত্রীর উদ্দেশে পৃথক স্মারকলিপি দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা। স্মারকলিপিতে প্রস্তাবিত প্রকল্প থেকে ভবদহ অঞ্চলকে বাদ দিয়ে এ এলাকার জন্য সুনির্দিষ্ট ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, ভবদহের জলাবদ্ধতার সঙ্গে বৃহত্তর যশোরের অন্য যেসব এলাকা প্রকল্পে যুক্ত করা হয়েছে, সেগুলোর সরাসরি সম্পর্ক নেই। অবাস্তব তথ্যের ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হলে জনগণ ও সরকার বিভ্রান্ত হবে। ভবদহের সমস্যা সমাধানে আলাদা পরিকল্পনা প্রয়োজন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, মুক্তেশ্বরী, টেকা, হরি, তেলিগাতী ও গ্যাংরাইল নদীসহ প্রায় ১৩০ কিলোমিটার নদী-খাল পলি জমে ভরাট হয়ে যাওয়ায় ৬০টির বেশি বিল ও জনপদ জলাবদ্ধতার শিকার হচ্ছে। নদী-খাল সচল না করে শুধু সেচের মাধ্যমে পানি নিষ্কাশন সম্ভব নয়।
এ বিষয়ে স্মারকলিপিতে বলা হয়, ২০২০ সাল থেকে পানি উন্নয়ন বোর্ড বৈদ্যুতিক সেচযন্ত্রের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়। ২০২১ সাল পর্যন্ত এ প্রকল্পে ব্যয় হয় ১ কোটি ৬১ লাখ টাকা। পরবর্তী সময়ে ব্যয় বাড়লেও জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি। একইভাবে বিল কপালিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের তিন ভেন্টের সেচ পাম্পও সফল হয়নি। বর্তমানে ভবদহের ২১ ভেন্ট স্লুইসগেটের ওপর ১৪টি এবং ৯ ভেন্ট স্লুইসগেটের ওপর ছয়টি বৈদ্যুতিক সেচযন্ত্র বসানো রয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে নদী খনন এবং ভবদহের ২১ ও ৯ ভেন্ট স্লুইসগেট সচল করার ফলে পানি নিষ্কাশন হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন বিলে পর্যায়ক্রমে টিআরএম চালু করা গেলে জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।
গত ১৬ মে ২০২৬ যশোর শিল্পকলা একাডেমিতে খনিজ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্য এবং ক্ষতিগ্রস্ত এলাকার প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ করা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) সেপ্টেম্বর মাসে চূড়ান্ত প্রস্তাবনা জমা দিয়েছে বলেও তাঁরা জানান।
টিআরএমের কার্যকারিতার উদাহরণ হিসেবে ১৯৯০ সালে বিল ডাকাতিয়া, ১৯৯৭ সালে বিল ভায়না, ২০০০ সালে বিল কেদারিয়া এবং ২০০৬ সালে বিল খুকশিয়ায় টিআরএম বাস্তবায়নের কথা তুলে ধরেন তাঁরা। বিশেষ করে বিল খুকশিয়ায় টিআরএম সফল করতে তৎকালীন জননেতা তরিকুল ইসলামের ভূমিকার কথা স্মরণ করেন আন্দোলনকারীরা।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, ‘ভবদহ একটি বিশেষায়িত সমস্যা। এটি শুধু বৃহত্তর যশোরের সমস্যা নয়; যশোর, খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের সঙ্গে সম্পর্কিত একটি পৃথক সমস্যা। নড়াইল, মাগুরা ও ঝিনাইদহের সেচ প্রকল্প ভবদহের নামে চালিয়ে দেওয়া ভবদহবাসীর সঙ্গে প্রতারণার শামিল।’
তিনি আরও বলেন, ভবদহের জলাবদ্ধতা নিরসনের একমাত্র কার্যকর উপায় টিআরএম। আগামী মাঘী পূর্ণিমার আগেই নির্ধারিত বিলে টিআরএম চালু করতে হবে।
স্মারকলিপিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্যসচিব চৈতন্য কুমার পাল, সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, বাবুর আলী গোলদার, মো. আব্দুল লতিফ, ইমাদ উদ্দীন গাজী, বিকাশ মল্লিক, মো. ফিরোজ আলম, অধ্যাপক অনিল বিশ্বাস, শিব পদ বিশ্বাস, তসলিম উর রহমান, সৈয়দ সিরাজুল হক ও নূর জালাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা স্বাক্ষর করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *