যশোর অফিস
ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাঁদের বাংলাদেশে হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা যায়, পাসপোর্ট ছাড়া ভারতে অবস্থানকালে বিভিন্ন সময়ে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তাঁরা। পরে ভারতের জম্মু-কাশ্মীরের কোট ভালওয়াল কারাগারে প্রায় তিন বছর পাঁচ মাস কারাভোগ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা রংপুর, সাতক্ষীরা ও সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে তাঁরা শ্রমিকের কাজ করতেন।
প্রত্যাবাসন হওয়া ছয়জন হলেন সুনামগঞ্জের মোহাম্মদ আলী (২৬), জাহাঙ্গীর আলম (২১) ও আব্দুল করিম (২৫), কক্সবাজারের আব্দুল সবুর (৪০), গাজীপুরের সাব্বির ইসলাম (২৬) এবং বগুড়ার হাফিজুর (২৬)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে তাঁদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

