শহিদ জয়, যশোর
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বয়সভিত্তিক (১৪-২১) জুডো প্রতিযোগিতা-২০২৬ এ সাফল্যের স্বাক্ষর রেখেছে যশোর জেলা। রাজধানীর পল্টনস্থ হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া শিকদার ইলা রৌপ্য পদক এবং ফারিয়া আক্তার রিনা তাম্র পদক অর্জন করেছেন।
রোববার সকালে শুরু হয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সহ-সভাপতি ও পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দা জান্নাত আরা।
বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সহ দেশের বিভিন্ন জেলা ও প্রতিষ্ঠানের মোট ১৫টি দলের ১১৪ জন খেলোয়াড় অংশ নেন। কোচ ও কর্মকর্তাসহ মোট অংশগ্রহণকারী ছিল ১৪৪ জন। ছেলে ও মেয়েদের জন্য ১৪টি ওজন শ্রেণিতে খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সুমাইয়া শিকদার ইলা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে রৌপ্য পদক জিতে নেন। তার আত্মবিশ্বাসী পারফরম্যান্স ও কৌশলী লড়াই দর্শকদের মুগ্ধ করে। একইসঙ্গে ফারিয়া আক্তার রিনা তাম্র পদক অর্জন করে যশোরের সাফল্যে নতুন মাত্রা যোগ করেন।
যশোর দলের টিম ম্যানেজার রাইয়ান রশিদ আবিরের নেতৃত্বে দলটি প্রতিযোগিতায় অংশ নেয় এবং শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়।
দলের সঙ্গে সংশ্লিষ্ট সৈয়দ আলী আনোয়ার বলেন, “এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, পুরো যশোর জেলার গর্ব। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও খেলোয়াড়রা যে পারফরম্যান্স দেখিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”
এই সাফল্য প্রমাণ করে, যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ পেলে মফস্বলের খেলোয়াড়রাও জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে। যশোরের এই অর্জন নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *