যশোর অফিস
যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে ইকরামুল নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর তার লাশ গোপনে বাড়ির মাটির নিচে পুঁতে রাখা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে।
শনিবার (৯ মে) বিকেলে খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত ইকরামুলের বাড়ি একই এলাকার বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে ইকরামুলের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ওই গৃহবধূ ও তার স্বামীর মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এলাকাবাসী জানান, হত্যার পর অভিযুক্তরা নিজেদের বাড়ির একটি স্থানে গোপনে লাশ পুঁতে রাখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা অভিযুক্ত বাড়ির আশপাশে ভিড় জমায়।
পুলিশ জানায়, ঘটনার সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে নির্দিষ্ট একটি স্থান চিহ্নিত করে মাটি খনন করা হলে সেখান থেকে ইকরামুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গৃহবধূ ও তার স্বামীকে আটক করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

