সমাজের আলো।। “প্রাণ সায়ের খালকে আমরা আর ময়লার ভাগাড় হতে দেব না। আজ থেকে কোনো বাসা-বাড়ি বা প্রতিষ্ঠানের বর্জ্য এই খালে ফেলতে দেওয়া হবে না।”—সাতক্ষীরা শহরকে দূষণমুক্ত ও সবুজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক মানববন্ধনে এভাবেই নিজেদের কঠোর অবস্থানের কথা জানান বক্তারা।

রবিবার (০৩ মে) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ (এ৪টি) প্রকল্পের আওতায় পরিবেশ দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণের দাবিতে এই যুব-নেতৃত্বাধীন আন্দোলন অনুষ্ঠিত হয়। অ্যাকশনএইড বাংলাদেশের সমর্থনে কর্মসূচিটি বাস্তবায়ন করে সিডো ও সিডিওডব্লিউ সাতক্ষীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার দীর্ঘদিনের উদাসীনতায় ঐতিহ্যের প্রাণ সায়ের খাল আজ অস্তিত্ব সংকটে।

এ সময় উপস্থিত ছিলেন শফিকুল উদদ্দৌলা সাগর সাবেক প্যানেল মেয়র সাতক্ষীরা পৌরসভা, পল্টু বাসার, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সভাপতি জেলা পরিবেশ সংরক্ষণ সংঘ, ফরিদা আক্তার বিউটি, সভানেত্রী জিডিএফ সাতক্ষীরা, শ্যামল কুমার বিশ্বাস প্রধান নির্বাহী সিডো, প্রকল্পের সমন্বয়কারী মো.
তহিদুজ্জামান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার এবং অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ। এছাড়াও সিডো ও প্রান্তি যুব সংঘের সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ, মানববন্ধনে যুবকরা ‘প্লাস্টিক কমাই, সবুজ পৃথিবী সাজাই’, ‘বর্জ্য ফেলি ডাস্টবিনে, পরিচ্ছন্ন সাতক্ষীরা চাই’, এবং ‘সুস্থ জীবন নিশ্চিত করুন, আজকের বর্জ্য আজই পরিষ্কার করি’—এরকম বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আন্দোলনরত যুব প্রতিনিধিরা বলেন, “সাতক্ষীরার প্রাণ সায়ের খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা আমাদের নাগরিক অঙ্গীকার। আমরা যুবসমাজ এই খালের পরিচ্ছন্নতা রক্ষায় কঠোর নজরদারি রাখব। আমাদের লক্ষ্য কেবল খাল রক্ষা নয়, বরং পুরো সাতক্ষীরা জেলাকে একটি আদর্শ সবুজ ও টেকসই জনপদে রূপান্তর করা।”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *