হারুন অর রশিদ, দেবহাটা প্রতিনিধি।। দেবহাটার জুলাই যোদ্ধা নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শহীদ আসিফ হাসানসহ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত অতিথিরা শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “শহীদ আসিফ হাসানের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণার উৎস। তাঁর আদর্শ, সাহসিকতা ও দেশপ্রেম নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও দেশপ্রেমের পথে চলতে উদ্বুদ্ধ করবে। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না; তাদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।”
তিনি আরও বলেন, “শহীদদের স্মৃতি সংরক্ষণ করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি নুর নবী, সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হুসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ. এম. ইমদাদুল হক, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক তরফদারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।
অনুষ্ঠানের শেষপর্বে শহীদ আসিফ হাসানসহ দেশের সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

