রুন অর রশিদ, দেবহাটা প্রতিনিধি।। সমাজে ধর্মীয় শিক্ষা বিস্তার, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মানবিক সংগঠন ম্যান ফর ম্যান ফাউন্ডেশন ব্যাপক পরিসরে শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে সংগঠনটির উদ্যোগে দেবহাটা উপজেলার পাঁচটি মক্তব, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র আল-কুরআন শরীফ এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
এদিন যে পাঁচটি প্রতিষ্ঠানে কুরআন শরীফ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, সেগুলো হলো— গোপাখালি রহিমপুর বাইতুল্লাহ জামে মসজিদ মক্তব, টাউনশ্রীপুর হাফিজিয়া মাদ্রাসা, খানপাড়া হাফিজিয়া মাদ্রাসা, দাদুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা (চক মোহাম্মাদীপুর) এবং মঈন আদ্-দীন চক মোহাম্মদআলীপুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা।
বিতরণকালে সংগঠনের প্রতিনিধিরা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা মানুষের নৈতিকতা, মানবিকতা ও আদর্শ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ধর্মীয় শিক্ষায় নিয়োজিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করাকে ম্যান ফর ম্যান ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিবেচনা করে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় আরও উৎসাহিত করবে এবং সমাজে মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।
স্থানীয় সচেতন মহলও ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও সমৃদ্ধ হবে এবং অসহায় শিক্ষার্থীরা উপকৃত হবে।

