শহিদ জয়,যশোর
আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, দেশে বিচার বিভাগ সাংবিধানিকভাবে স্বাধীন হলেও সুপ্রিম কোর্ট তার নিজস্ব স্বকীয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, বিগত সরকারের সময়ে বিচার বিভাগের একটি অংশ রাজনৈতিক প্রভাবের অধীনে চলে গিয়েছিল, যার ফলে জনগণের আস্থা দুর্বল হয়েছে।
শুক্রবার যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ গফুর।
আইনমন্ত্রী জানান,বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন,গুম কমিশন আইন এবং জুলাই সনদ আইন। এসব আইন সংসদে উপস্থাপনের আগে যথাযথ যাচাই-বাছাই করা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনোভাবেই অনৈতিক বা পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থা মেনে নেবে না। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বুদ্ধিবৃত্তিক দুর্নীতি রোধে সরকার কাজ করছে।
মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের কিছু অংশ নিয়েও বিতর্ক আছে। তিনি জানান,বিএনপি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী এসব বিষয় সমাধানের উদ্যোগ নেবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিভাজনের রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যা থেকে সবাইকে সরে আসতে হবে। ১৯৭১ কিংবা সাম্প্রতিক ইস্যুতে বিভক্তি নয়, বরং জাতীয় ঐক্য জরুরি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে তিনি দাবি করেন, দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা বর্তমানে অনেক কমে এসেছে। সরকার জনকল্যাণে কাজ করছে এবং এই অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।
যশোরের বিচার ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহ্যবাহী যশোর কোর্টকে পুনরায় সক্রিয় ও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিচার বিভাগের বাজেট বাড়ানোর কথাও জানান তিনি, যাতে আইনজীবীদের কল্যাণ নিশ্চিত করা যায়।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের আগে আইনমন্ত্রী আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন। তিনি ঐতিহাসিক জেলা জজ ও দায়রা জজের পরিত্যক্ত ভবন পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *