যশোর অফিস
যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমনকে ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ২৭ এপ্রিল (সোমবার) তাঁর যশোর সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, সফরসূচিতে শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন এবং যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধনের পরিকল্পনা ও যশোর পাবলিক লাইব্রেরী পরিদর্শনের কথা রয়েছে। এছাড়া তিনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপির উদ্যোগে একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
বিএনপি নেতারা বলছেন,এই সফর যশোর অঞ্চলের উন্নয়ন কার্যক্রমকে নতুন গতি দেবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দাবি করেন,“এই সফর যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন।” একই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামও।
এদিকে, যশোর শহরে ইতোমধ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “পুরো শহরকে নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।”
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে,এই সফর মূলত একটি দলীয় কর্মসূচি,যা স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। যশোরে বিএনপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *