শহিদ জয়,যশোর

যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের একটি ফেসবুক পেজ থেকে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালনের দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে শহরের গরীবশাহ রোডে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আরও একটি ভিডিওতেও যুবলীগের কর্মসূচির দাবি করা হয়।

বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে গোপনে কার্যক্রমে জড়িত ছিলেন। যুবলীগের মিছিলের সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় বুধবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *