শহিদ জয়,যশোর

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল থেকে দিনব্যাপী যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম)।

সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম (পিপিএম) চলতি মাসে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন। একইসঙ্গে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন ও কল্যাণসংক্রান্ত বিষয় সভায় উপস্থাপন করা হয়।

পরবর্তীতে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সার্বিক সুবিধা-অসুবিধা, দাপ্তরিক সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।

সভায় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে পুলিশের দায়িত্ব ও কর্তব্য পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় যশোর জেলা পুলিশের ২০ সদস্যকে পুরস্কৃত করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এপ্রিল-২০২৬ মাসে দায়িত্বশীলতা,পেশাদারিত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতে বিভিন্ন ইউনিটের সদস্যদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মারুফ হোসেন, অপরাধ শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহম্মদ শহীদ তিতুমীর, প্রশাসন ও অর্থ শাখার পুলিশ পরিদর্শক মোঃ আজিজ আহম্মেদ এবং ট্রাফিক বিভাগের ডিআইও-১ মীর শরিফুল হক।

এছাড়া জেলা বিশেষ শাখা, জেলা গোয়েন্দা শাখা, চৌগাছা থানা, মিডিয়া সেলের নায়েক আমিনুল ইসলাম,ও সাইবার ক্রাইম ইউনিটের একাধিক কর্মকর্তা ও সদস্য বিশেষ পুরস্কার ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেন। তাদের মধ্যে ছিলেন এসআই (নিরস্ত্র) ইমরান হোসেন রাজু, অলক কুমার দে, সালাউদ্দিন খান,কামাল হোসেন, নুর ইসলাম এবং দেবব্রত ঘোষ।

সভায় দায়িত্ব পালনে দক্ষতা, আন্তরিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে ভবিষ্যতেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তাবৃন্দ, পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *