সমাজের আলো।। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। ভারত থেকে দেশে ফিরতে হাসিনা এই আবেদন করেছেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার প্রথম এ ধরনের যোগাযোগ। দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো চিঠিটি রয়টার্স দেখেছে জানিয়ে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আবেদনটি ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। ছাত্র-জনতার অভ্যুত্থানে তার দীর্ঘ শাসনামলের অবসানের দুই বছরেরও বেশি সময় পর তিনি এ পদক্ষেপ নিলেন। ফলে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশে বর্তমানের হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।এর আগে তিনি রয়টার্সকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণের জন্য দেশে ফেরার পরিকল্পনা করছেন। তার সহযোগীরা আজ সোমবার রয়টার্সকে জানান, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে। ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের রায় দেয়। তবে তিনি নির্বাসনে থেকে এই অভিযোগ অস্বীকার করেছেন।
শেখ হাসিনার লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে জানান, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের প্রেক্ষিতে, আমরা আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। চিঠিতে তার বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুততার সাথে আবেদনগুলো প্রক্রিয়াধীন করার কথা বলা হয়েছে। দিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি । হাসিনার দলের অনেক কর্মী বর্তমানে কারাবন্দি আছেন অথবা ভারত বা অন্য কোথাও স্ব-আরোপিত নির্বাসনে রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, একাধিক মেয়াদে ২০ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করার কারণে এখনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে শেখ হাসিনার সমর্থন রয়েছে। ঢাকায় সরকার দুই বছরেরও বেশি সময়ের অস্থিরতার পর যখন স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন তার দেশে ফেরা রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করতে পারে। অন্যদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্ক উন্নত হতে পারে। নয়াদিল্লি তাকে আশ্রয় দেয়ার পর যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *