লিংকন আসলাম, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) ইউনিয়ন পরিষদের হলরুমে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-III) প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (UDMC)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান দীপংকর বাছার দীপু। ইএসডিও-আইসিআরডিসিভি প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় ইউপি সদস্য ইয়াছিন আলী, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন সরকারি লাইন বিভাগের ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি, সাংবাদিক, নারী প্রতিনিধি, সিপিপি সদস্য, কৃষক প্রতিনিধি, সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। চেয়ারম্যান দীপংকর বাছার দীপু বলেন, ইএসডিও কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমসমূহ অত্যন্ত প্রশংসনীয়। তিনি এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন উদ্যোগ গ্রহণ এবং কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।আমাদের ইউনিয়নের সকল সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করে আরও ব্যাপক উন্নয়ন ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে কাজ করতে হবে। পাশাপাশি বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ইউনিয়নের সকল জনগণকে আগাম সতর্কবার্তা প্রদান ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
ইউডিএমসি সদস্য ও ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের ইউনিয়নের সবকটি সাইক্লোন শেল্টারের সার্বিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। কোথাও কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলের উদ্যোগী হওয়া উচিত। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক কার্যক্রম এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। তারা স্থানীয় সমস্যার সমাধানে সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ইএসডিও ও মুসলিম এইডের চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এসব কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। সভায় ইএসডিও-আইসিআরডিসিভি প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রেনিং কো-অর্ডিনেটর মোছাঃ আরিফা খানম, কমিউনিটি ফ্যাসিলিটেটর সুবল চন্দ্র রায়, মোঃ আনিসুর রহমান ও মোঃ জাহিদুল ইসলামসহ প্রকল্পের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

