সমাজের আলো।। ১২ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আবুবকর সিদ্দিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে।
মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী জন্ম থেকেই বাক্ ও শারীরিক প্রতিবন্ধী। সে ঠিকমতো চলাফেরা করতে পারে না এবং কথা বলতেও অক্ষম। মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় জন্মের পর থেকে সে নানি মোছা. আছিয়া বেগমের (৫৪) কাছে বসবাস করত।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১২ মার্চ সকাল ১০টার দিকে নানি কাপড় ধুয়ে শুকাতে দিয়ে নাতনিকে খুঁজতে বের হন। এ সময় বাড়ির উত্তর-পশ্চিম পাশে আবুল হোসেনের বাড়ির সামনের মোড় দিয়ে ইব্রাহিমকে বেরিয়ে আসতে দেখেন তিনি। পরে নাতনির কাছে গিয়ে তার পোশাক ভেজা দেখতে পান। স্থানীয়দের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ধর্ষণের কথা স্বীকার করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।এ ঘটনায় ভুক্তভোগীর নানি আছিয়া বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় কলারোয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালত সূত্রে জানা যায়, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আকবর আলী।

